ক্রীড়া ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজের চেহারায় পরিবর্তন এনেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র। চিবুকের আকৃতি আরও সুগঠিত ও ভারসাম্যপূর্ণ করতে তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত একটি কসমেটিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। নতুন এই লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গোইয়ানিয়ায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারকাওয়ের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন করেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। এতে বিশেষ ধরনের ফিলার ব্যবহার করে মুখের নিচের অংশ, বিশেষ করে চিবুকের আকৃতি আরও স্পষ্ট ও সুষম করা হয়।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ চলাকালে তার চিবুকের গঠন নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার পরই এমন সিদ্ধান্ত নেন ভিনিসিউস।
অস্ত্রোপচারের পর প্রকাশিত বিভিন্ন ছবিতে ভিনিসিউসকে আগের তুলনায় বেশ ভিন্ন দেখাচ্ছে। নতুন চেহারা দেখে অনেক সমর্থক বিস্ময় প্রকাশ করেছেন, আর বিষয়টি দ্রুতই অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এদিকে, ভিনিসিউসের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে সাম্প্রতিক একটি ছবি নিয়েও নতুন গুঞ্জন তৈরি হয়েছে। বিশ্বকাপের আগে বিচ্ছেদের খবর এলেও, একসঙ্গে তোলা নতুন ছবি প্রকাশের পর তাদের সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে বলে আলোচনা শুরু হয়েছে।
এছাড়া ভিনিসিউসের ঘনিষ্ঠ বন্ধু দানিলো নসিমেন্তোর শেয়ার করা একটি ছবিতেও নতুন চিবুকের গঠন স্পষ্টভাবে দেখা গেছে। তবে কসমেটিক প্রক্রিয়া নিয়ে ভিনিসিউস জুনিয়র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

