সময়পত্র ডেস্ক: ২০২৬-২৭ করবর্ষের জন্য আজ বুধবার থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এবারও নির্ধারিত কিছু ব্যতিক্রম ছাড়া ব্যক্তিশ্রেণির প্রায় সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
করদাতারা www.etaxnbr.gov.bd পোর্টালে প্রবেশ করে ঘরে বসেই রিটার্ন প্রস্তুত, জমা এবং কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা যাবে।
এনবিআর জানিয়েছে, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (প্রয়োজনীয় সনদসহ), বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধিসহ বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল সম্ভব না হলে সংশ্লিষ্ট কর কর্মকর্তার অনুমোদন নিয়ে কাগুজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।
অনলাইনে কর পরিশোধের জন্য ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করা যাবে।
এবারের করবর্ষে করদাতাদের জন্য নতুন প্রণোদনাও ঘোষণা করেছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে। তবে সেপ্টেম্বরের পর জমা দেওয়া রিটার্নে এই সুবিধা মিলবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

