সময়পত্র ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগতির লরির চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি নিহতদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে একটি বাসে করে চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা। পথে কুমিরা এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকেন। এ সময় দ্রুতগতির একটি লরি তাঁদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।
দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

