সময়পত্র ডেস্ক: টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের প্রভাবে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। এক মাস আগেও যে কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতো, এখন সেটির দাম অনেক বাজারে ২০০ টাকা ছাড়িয়েছে। কোথাও কোথাও প্রতি কেজি ২৮০ টাকাও নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার এবং উত্তরার আশকোনা হজক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতাদের মতে, টানা বৃষ্টি ও বিভিন্ন এলাকায় বন্যার কারণে সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় কাঁচা মরিচের উৎপাদন ও সরবরাহ কমেছে। ফলে চাহিদার তুলনায় বাজারে মরিচের জোগান কম থাকায় দাম দ্রুত বেড়েছে। পাশাপাশি অন্যান্য সবজির দামও ঊর্ধ্বমুখী।
বর্তমানে মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রতি কেজি ভালো মানের কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। টাউন হল বাজারে একই মানের মরিচের দাম ২৫০ থেকে ২৮০ টাকা। কারওয়ান বাজারে ভালো মানের মরিচ ২০০ টাকা এবং সাধারণ মানের মরিচ ১৬০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।
উত্তরার আশকোনা হজক্যাম্প বাজারের ক্রেতা জাকির হোসেন জানান, এক সপ্তাহ আগে ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনতে ৪০ টাকা লাগলেও এখন একই পরিমাণ মরিচ কিনতে গুনতে হয়েছে ৬০ টাকা। তার ভাষায়, বৃষ্টির কারণে প্রায় প্রতিদিনই মরিচের দাম বাড়ছে।
এদিকে, পেঁয়াজের দামও বেড়েছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় পৌঁছেছে।
সবজি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় শুধু কাঁচা মরিচ নয়, অধিকাংশ সবজির দামই বেড়েছে। বর্তমানে ১০০ টাকার নিচে খুব অল্প কয়েক ধরনের সবজি পাওয়া যাচ্ছে।

