সময়পত্র ডেস্ক: প্রায় দুই ঘণ্টার প্রযুক্তিগত বিভ্রাটের পর আবারও স্বাভাবিক হয়েছে ফেসবুকের ডেস্কটপ সংস্করণ। রোববার (১৯ জুলাই) দুপুরের দিকে সেবাটি ব্যবহার করতে গিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েন।
ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৪০ মিনিটের পর থেকে ফেসবুকের ওয়েব সংস্করণে প্রবেশ, লগইন এবং নিউজ ফিড ব্যবহারে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তবে বিকেল সাড়ে ৩টার দিকে ধীরে ধীরে সেবা স্বাভাবিক হতে শুরু করে এবং অনেকেই আবার ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে সক্ষম হন।
বিভ্রাট চলাকালে অনেক ব্যবহারকারীর সামনে একটি বার্তা প্রদর্শিত হচ্ছিল, যেখানে জানানো হয় যে সাইটে সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না এবং কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে বলা হয়।
আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এও একই সময় বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়ে। তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অভিযোগ ছিল ওয়েবসাইটে প্রবেশ করতে না পারা নিয়ে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী লগইন এবং নিউজ ফিড আপডেট না হওয়ার সমস্যার কথাও জানান।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ বিভ্রাট কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল না। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন।
এদিকে, ফেসবুকের পাশাপাশি মেটার আরেক জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও কিছু ব্যবহারকারী সাময়িক সেবাবিঘ্নের অভিযোগ করেছেন।
প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এই বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

