ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর এবারের আসর। ফুটবলের পাশাপাশি সংগীত, প্রযুক্তি ও বিনোদনের এক অনন্য মঞ্চে হাজির হবেন বিশ্বের জনপ্রিয় কয়েকজন তারকা।
ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। ‘আ নাইট টু রিমেম্বার’ শিরোনামের এই আয়োজনে প্রথমেই মঞ্চ মাতাবেন আন্তর্জাতিক সংগীতশিল্পী পোস্ট ম্যালোন, লরা পাউসিনি ও রবি উইলিয়ামস। উদ্বোধনী পরিবেশনা করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ান রিপাবলিক।
আয়োজকদের অন্যতম আকর্ষণ হিসেবে বিশেষ উপস্থিতি থাকবে হলিউড অভিনেতা টম ক্রুজের। এছাড়া ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন।
ফাইনালের প্রথমার্ধ শেষে দর্শকদের জন্য থাকছে ১১ মিনিটের বিশেষ ‘হাফ-টাইম শো’। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হওয়া এই আয়োজনে পারফর্ম করবেন পপ তারকা ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে সাজানো এই পরিবেশনাকে এবারের বিশ্বকাপের সবচেয়ে ব্যয়বহুল সাংস্কৃতিক আয়োজনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
প্রযুক্তিনির্ভর এই সমাপনী অনুষ্ঠানে থাকবে থ্রি-ডি লেজার শো, ড্রোন প্রদর্শনী এবং বর্ণিল আতশবাজির ঝলক। এরপরই শুরু হবে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-স্পেন ফাইনাল, যেখানে নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।

