ক্রীড়া ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর নতুন এক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন নেইমার জুনিয়র। ফুটবল মাঠের বদলে এবার তাকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (ডব্লিউএসওপি)-এর মূল আসরে।
শনিবার (১১ জুলাই) রাতে ১০ হাজার ডলার বাই-ইনের মর্যাদাপূর্ণ মেইন ইভেন্টে অংশ নেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। তবে গতবারের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি। টুর্নামেন্টের প্রথম দিনই বিদায় নিতে হয়েছে তাকে।
এর আগেও পেশাদার পর্যায়ে পোকারে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নেইমার। ২০২৫ সালের ডব্লিউএসওপিতে তিনি ফাইনাল টেবিল পর্যন্ত উঠে আলোচনায় এসেছিলেন। তবে এবার সেই সাফল্য ধরে রাখতে পারেননি।
বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায়
লাস ভেগাসে নেইমারের এই উপস্থিতি এসেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের পর। গত ৫ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এর মধ্য দিয়ে চারটি বিশ্বকাপে খেলা তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে।
চোট নিয়েই এবারের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন নেইমার। ডান পায়ের কাফের চোটের কারণে পুরো টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল করলেও ব্রাজিলকে হার এড়াতে পারেননি। ওই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্লিং হালান্ডের নরওয়ে।
পোকারের প্রতি পুরোনো ভালোবাসা
পোকারের প্রতি নেইমারের আগ্রহ অনেক দিনের। অবসর সময় পেলেই তাকে এই খেলায় অংশ নিতে দেখা যায়। তবে এ নিয়ে অতীতেও সমালোচনার মুখে পড়েছেন তিনি।
চলতি বছরের শুরুতে সান্তোসের একটি লিগ ম্যাচে চোটের কারণে খেলতে না পারলেও প্রায় ২৪ ঘণ্টা অনলাইনে পোকার খেলেছিলেন বলে অভিযোগ ওঠে। তখন ব্রাজিলের গণমাধ্যম ও সমর্থকদের একাংশ তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন।
সমালোচনার জবাবে নেইমার বলেছিলেন, কাজের চাপে কয়েক দিন মাঠে নামতে পারিনি। তাই সেই সময়টা ফুটবলের বাইরে সবচেয়ে প্রিয় কাজ—পোকার খেলেই কাটিয়েছি।
বিশ্বকাপ ও আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করার পর আপাতত ফুটবলের বদলে পোকার টেবিলেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

