ক্রীড়া ডেস্ক: আধুনিক ফুটবলের জন্মভূমি হিসেবে পরিচিত ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। ২২টি আসরে মাত্র একবার শিরোপা জিতেছে থ্রি লায়ন্সরা। বিশ্বকাপের সেমিফাইনালেও তাদের সাফল্য সীমিত। এবার ২০২৬ বিশ্বকাপে চতুর্থবারের মতো শেষ চারে উঠেছে ইংল্যান্ড।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। জয় পেলে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ পাবে তারা।
আর্জেন্টিনার বিপক্ষে মহারণের আগে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের আগের তিনটি অভিযানের দিকে ফিরে দেখা যাক।
২০১৮: ক্রোয়েশিয়ার কাছে স্বপ্নভঙ্গ
রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে শুরুতেই কাইরান ট্রিপিয়ারের দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচ সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে মারিও মানজুকিচ গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। এতে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ইংল্যান্ডের।
পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে চতুর্থ স্থান নিয়েই টুর্নামেন্ট শেষ করে তারা।
১৯৯০: টাইব্রেকারে হৃদয়ভাঙা বিদায়
ইতালি বিশ্বকাপের সেমিফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে আন্দ্রেয়াস ব্রেমের গোলে পিছিয়ে পড়লেও গ্যারি লিনেকারের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড।
অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্টুয়ার্ট পিয়ার্স ও ক্রিস ওয়াডলের শট মিসে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে পশ্চিম জার্মানি। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও স্বাগতিক ইতালির কাছে ২-১ গোলে হেরে যায় ইংল্যান্ড।
১৯৬৬: একমাত্র সেমিফাইনাল জয়
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের একমাত্র জয় আসে ১৯৬৬ সালে নিজেদের মাটিতে। ওয়েম্বলিতে অনুষ্ঠিত সেই ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারায় আলফ র্যামসের দল। জোড়া গোল করেন কিংবদন্তি ববি চার্লটন। পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন ইউসেবিও।
সেই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে ইংল্যান্ড। পরে ফাইনালে অতিরিক্ত সময়ে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে থ্রি লায়ন্সরা।
এবার সামনে আর্জেন্টিনা
দীর্ঘ ৬০ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচের বিজয়ী দল আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালে খেলবে। সেখানে প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা স্পেন।

