ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ডের বিরুদ্ধে ফ্রান্সের করা আপিল খারিজ করেছে ফিফা। ফলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে আবার হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনাল থেকে নিষিদ্ধ হবেন ফরাসি এই তারকা।
বুধবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।
প্যারাগুয়ের মাতিয়াস গালারজার সঙ্গে বাকবিতণ্ডার জেরে ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড দেখেন ওলিসে। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, দুই খেলোয়াড়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো শারীরিক সংস্পর্শ হয়নি। এরপরই কার্ডটি প্রত্যাহারের আবেদন জানিয়েছিল ফরাসি ফুটবল ফেডারেশন। তবে সেই আবেদন নাকচ করে দিয়েছে ফিফা।
ওলিসের পাশাপাশি ব্র্যাডলি বারকোলা ও মানু কোনোও এক ম্যাচের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। কোয়ার্টার ফাইনালে তারা হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না।
এদিকে, চোট কাটিয়ে মিডফিল্ডার অরেলিয়েন শুয়ামেনি অনুশীলনে ফিরতে পারেন বলে জানিয়েছেন দেশম।
মরক্কোর বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লোকে দায়িত্ব দেওয়ার বিষয়ে কোনো বিতর্কে যেতে চাননি ফরাসি কোচ। তিনি বলেন, রেফারিদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি কেবল নিজের দলের পারফরম্যান্স নিয়েই মনোযোগী।
উল্লেখ্য, ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম এই টুর্নামেন্ট শেষে দায়িত্ব ছাড়বেন। তাই মরক্কোর কাছে হারলে সেটিই হবে ফ্রান্সের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।

