নিজস্ব প্রতিনিধি: ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর লড়াই চলছে। এরই মধ্যে বিদায় নিয়েছে জার্মানি, ব্রাজিল ও পর্তুগালের মতো শক্তিশালী দল। তবে টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দলের অধিনায়ক লিওনেল মেসিও রয়েছেন দারুণ ফর্মে। চার ম্যাচে ৭ গোল করে তিনি বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় রাউন্ড অব ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জয় পেলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাবে লিওনেল স্কালোনির দল।
রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে হারিয়ে কঠিন পরীক্ষা পেরিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচের পর একাদশে কয়েকটি পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ স্কালোনি। মিশরের গতি ও শারীরিক সক্ষমতার কথা বিবেচনায় রেখে লেফটব্যাকে নিকোলাস তাগলিয়াফিকোকে খেলানোর পরিকল্পনা রয়েছে তার। এছাড়া ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে সেন্টারব্যাকে দেখা যেতে পারে লিসান্দ্রো মার্টিনেজকে এবং রাইটব্যাকে থাকবেন নাহুয়েল মোলিনা।
৪-৪-২ ফরমেশনে মাঝমাঠে রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের খেলার সম্ভাবনা রয়েছে। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে প্রথমবারের মতো শুরুর একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। ফলে লাউতারো মার্টিনেজকে বেঞ্চে বসতে হতে পারে।
অন্যদিকে, এবারের বিশ্বকাপে ইতোমধ্যেই ইতিহাস গড়েছে মিশর। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের প্রথম নকআউট জয়ও তুলে নিয়েছে ফারাওরা।
এবার তাদের সামনে আরও বড় ইতিহাস গড়ার সুযোগ। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাতে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে মিশর।
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ম্যাচটি গুরুত্বপূর্ণ মোহাম্মদ সালাহর জন্য। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৮ গোল করেছেন তিনি। আর ৬৯ গোল নিয়ে মিশরের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি বর্তমানে কোচ হোসাম হাসানের দখলে। ফলে একটি গোল করলেই সেই রেকর্ডে ভাগ বসাবেন সালাহ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, ‘আমরা জানি, বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা তাদের ভয় পাই না।’
তিনি আরও বলেন, ‘আমাদের স্বপ্নের কোনো সীমা নেই, উচ্চাকাঙ্ক্ষারও সীমা নেই। আমরা কোনো আন্ডারডগ নই। আমরা সাত হাজার বছরেরও বেশি পুরোনো একটি সভ্যতার প্রতিনিধিত্ব করছি। মিশর, আরব বিশ্ব এবং আফ্রিকার মানুষের জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’
এ পর্যন্ত দুই দলের একমাত্র দেখায় ২০০৮ সালের ২৫ মার্চের একটি প্রীতি ম্যাচে মিশরকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
মিশরের সম্ভাব্য একাদশ:
মোস্তফা শৌবির, মোহাম্মদ হানি, হামদি ফাথি, ইয়াসের ইব্রাহিম, রামি রাবিয়া, মোহাম্মদ সালাহ, মারওয়ান লাশিন, মারওয়ান আতিয়া, মোহাম্মদ জিকো, এমাম আশুর ও ওমর মারমুশ।

