ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। দলের হতাশাজনক পারফরম্যান্সের দায় স্বীকার করে জাতীয় দলের প্রধান কোচ হং মিয়ং-বো পদত্যাগ করেছেন। একই সঙ্গে দলের ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্টে একটি ম্যাচ জিতলেও বাকি দুই ম্যাচে হেরে গ্রুপে তৃতীয় স্থানে থেকে বিদায় নেয় দক্ষিণ কোরিয়া। ৪৮ দলের বিশ্বকাপে সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটে ওঠার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি তারা।
পদত্যাগের ঘোষণা দিয়ে হং মিয়ং-বো বলেন, সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারার সম্পূর্ণ দায় তার। তবে জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও দক্ষিণ কোরিয়ার ফুটবলের উন্নয়নে কাজ চালিয়ে যেতে চান তিনি।
বিশ্বকাপে দলের ব্যর্থতার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রেসিডেন্ট লি জে-মিয়ং বলেন, এটি শুধু মাঠের ব্যর্থতা নয়, দল পরিচালনা ও খেলোয়াড় নির্বাচনেরও ব্যর্থতা।
এদিকে, পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হং মিয়ং-বোকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এ ঘটনায় ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

