ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া। বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত ম্যাচে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে লা ক্যাফেতেরোসরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে উজবেকিস্তান সমতায় ফিরলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও আক্রমণভাগের ধারেই জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি।
ম্যাচের ৬০তম মিনিটে উজবেকিস্তানের হয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত এনে দেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ। এলদর শোমুরোদভের জোরালো ভলি কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে ফিরতি বলে মাথা ছুঁইয়ে গোল করেন ফাইজুল্লায়েভ। ঐতিহাসিক সেই গোলে সমতায় ফেরে উজবেকিস্তান।
তবে তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সমতার মাত্র পাঁচ মিনিট পরই কলম্বিয়ার তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজ আবারও দলকে এগিয়ে দেন। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শক্তিশালী কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। উজবেক গোলরক্ষক বল স্পর্শ করলেও শটের গতি এতটাই বেশি ছিল যে তা ঠেকানো সম্ভব হয়নি।
এরপর ম্যাচের শেষদিকে সমতা ফেরানোর চেষ্টা চালায় উজবেকিস্তান। কিন্তু যোগ করা সময়ে জামিনটন ক্যাম্পাজের গোল তাদের সব আশা শেষ করে দেয়। অতিরিক্ত সময়ে করা সেই গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে কলম্বিয়া।
প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া। অন্যদিকে পরাজিত হলেও নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে উজবেকিস্তান।

