ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।
প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারী অস্ট্রেলিয়ার।
ম্যাচের আগে প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে পড়েছে অজিরা। মিরপুরে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বুধবার নির্ধারিত অনুশীলন করতে পারেনি তারা। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা বাধার মুখে পড়েছে সফরকারীরা।
অন্যদিকে, ঘরের মাঠের পরিচিত পরিবেশকে কাজে লাগিয়ে আরেকটি জয় তুলে নিতে মরিয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চায় টিম ম্যানেজমেন্ট।
দলীয় সূত্রে জানা গেছে, টানা ব্যর্থতায় ওপেনার সাইফ হাসানের পরিবর্তে একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকার। এছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে একাধিক বাঁহাতি ব্যাটার থাকায় কৌশলগত কারণে পরিবর্তন আসতে পারে স্পিন বিভাগেও। সেক্ষেত্রে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বদলে লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সবমিলিয়ে, ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি হয়ে উঠেছে সিরিজে টিকে থাকার লড়াই।

