নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হবে।
গত আট মাসের মধ্যে এটি বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন। এবারের নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরিতে পরিচালক পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার জন্য নির্ধারিত ১০টি পরিচালক পদের মধ্যে ৭টিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বর্তমানে ভোট হচ্ছে খুলনা বিভাগের দুটি এবং বরিশাল বিভাগের একটি পরিচালক পদের জন্য।
খুলনা বিভাগের দুটি পদের ক্ষেত্রেও প্রতিদ্বন্দ্বিতা সীমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ক্যাটাগরি–৩–এর একমাত্র পরিচালক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ক্লাব ক্যাটাগরির সব পদেই ভোটের লড়াই হচ্ছে।
১২টি পরিচালক পদের বিপরীতে শুরুতে ১৮ জন প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত মাঠে রয়েছেন ১৬ জন। নির্বাচন শেষে নির্বাচিত ২৩ পরিচালক এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত দুই পরিচালক মিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি নির্বাচন করবেন।

