সময়পত্র ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় এবার রাজনীতির মঞ্চেও ইতিহাস গড়লেন। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ সকালে শপথ নিয়েছেন তিনি। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের প্রধান।
কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থী দল সিপিআই ও সিপিএমের সমর্থনে সরকার গঠন করছে বিজয়ের দল। এর মধ্য দিয়ে কয়েকদিনের রাজনৈতিক নাটকীয়তারও অবসান হয়েছে।
সিনেমার পর্দায় যাত্রা শুরু হয়েছিল খুব ছোটবেলায়। ১৯৮৪ সালে তাঁর বাবা ও নির্মাতা এস এ চন্দ্রশেখর পরিচালিত ‘ভেটরি’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন বিজয়। সেই কাজের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৫০০ রুপি।
পরবর্তীতে ধীরে ধীরে তামিল সিনেমার অন্যতম বড় তারকায় পরিণত হন তিনি। ২০০৪ সালের ব্লকবাস্টার ‘ঘিল্লি’ তাঁর ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। এরপর ‘থুপাক্কি’, ‘মার্সেল’, ‘বিগিল’ ও ‘লিও’–এর মতো একাধিক ব্যবসাসফল সিনেমা তাঁকে সুপারস্টারের মর্যাদা দেয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাঁর সর্বশেষ সিনেমা হিসেবে আলোচিত ‘জন নায়গন’–এর জন্য প্রায় ২২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয়। ৫০০ রুপি থেকে ২২০ কোটিতে পৌঁছানোর এই যাত্রা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার ঘোষণা দিয়ে অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও নিয়েছেন তিনি। ফলে ভক্তদের কাছে তাঁর সিনেমা ছাড়ার বিষয়টি আবেগঘন হয়ে উঠেছে। জানা গেছে, আগামী ২২ জুন বিজয়ের জন্মদিনে মুক্তি পেতে পারে তাঁর শেষ সিনেমা ‘জন নায়গন’।

