বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনাকে আধুনিক ও কাগজমুক্ত করতে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আড়াই মাসে অনলাইনের মাধ্যমে প্রায় ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই ব্যবস্থার মাধ্যমে লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল ব্যবহারের জন্য প্রয়োজনীয় ইউপি অনলাইনে পাচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট দলিলপত্রও ডিজিটালভাবে যাচাই করা হচ্ছে, ফলে সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে যাওয়ার প্রয়োজন কমে গেছে।
এ পর্যন্ত তিনটি কমিশনারেট থেকে মোট ২৪ হাজার ৯৬৩টি ইউপি অনলাইনে জারি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এনবিআরের মতে, কাস্টমস কার্যক্রমকে আরও স্বচ্ছ ও দক্ষ করতে ধাপে ধাপে বন্ড অডিট কার্যক্রমও অটোমেশনের আওতায় আনা হবে।

