পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষ হয়ে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবারও চালু হয়েছে দেশের ব্যাংক-বীমা, অফিস-আদালতের কার্যক্রম। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে দাপ্তরিক কাজ।
ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে রাজধানী ঢাকা-তে ফিরছেন বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ। দীর্ঘ ছুটির কারণে অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরে এসেছেন। এতে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
গত ২১ মার্চ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
তবে অফিস খোলার পরপরই আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা তিন দিনের অবকাশ মিলবে।
অন্যদিকে, সংবাদপত্র সংশ্লিষ্টদের জন্য ঘোষিত পাঁচ দিনের ঈদের ছুটিও শেষ হয়েছে সোমবার। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর ঘোষণায় ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি কার্যকর ছিল।

