দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া-র একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে পেরু সীমান্তসংলগ্ন অ্যামাজন অঞ্চলে।
কলম্বিয়া সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই সেনা সদস্য।
এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে এখনো তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। এটি ছিল লকহিড মার্টিন-এর তৈরি হারকিউলিস সি-১৩০ মডেলের সামরিক পরিবহন বিমান। দুর্ঘটনার পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে বিষয়টি তদন্তে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে বলিভিয়া-তেও একই মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২০ জনের বেশি নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছিলেন।

