জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের ইসফাহান অঞ্চলের একটি টানেলে এখনও ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
গ্রোসি বলেন, গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরও ইসফাহানের ওই টানেলে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়াম সংরক্ষিত ছিল। তার ধারণা, সেই ইউরেনিয়ামের একটি বড় অংশ এখনো একই স্থানে থাকতে পারে।
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরায়েলের হামলার সময় ইরানের কাছে মোট প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। এর প্রায় অর্ধেক ইসফাহানেই সংরক্ষিত ছিল বলে মনে করা হয়।
গ্রোসি আরও জানান, সংস্থার সর্বশেষ পরিদর্শনের সময়ও ইসফাহানের ওই স্থানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম থাকার ইঙ্গিত পাওয়া গেছে। এই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

