জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে আজও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে গাড়ি ও মোটরসাইকেল চালকদের। সরবরাহ ঘাটতির কারণে কয়েকটি পাম্প এখনও পুরোপুরি স্বাভাবিকভাবে কার্যক্রম চালু করতে পারেনি।
বুধবার (১১ মার্চ) সকালে তেল নিতে আসা চালকদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। কেউ ফজরের নামাজের পর, আবার কেউ সাহরি শেষ করেই তেল নেওয়ার আশায় লাইনে দাঁড়িয়েছেন। এমনকি গভীর রাত থেকেই অনেক চালক পাম্পের সামনে অবস্থান নেন।
ফিলিং স্টেশনগুলোর কর্মীরা জানিয়েছেন, ধীরে ধীরে তেলের মজুদ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সরকার নির্ধারিত সীমা অনুযায়ীই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে চালকদের অভিযোগ, তেলের সংকটের কারণে তাদের ভোগান্তি বাড়ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করেন। এছাড়া কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে তেল মজুদ করছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন চালক।

