ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। সোমবার (১০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ইরান যদি আক্রমণ চালায়, তবে যুক্তরাষ্ট্র সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় যুদ্ধে অংশ নেবে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে এমন পরিস্থিতিতে সৌদি আরবও যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে। তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করতে তিনি প্রস্তুত, যাতে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। এ বিষয়ে ভবিষ্যতেও আলোচনা চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মার্কিন সিনেটর আরও উল্লেখ করেন, রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাস হামলার শিকার হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার বিষয়ে সৌদি আরবের কোনো দায়িত্ববোধ থাকা উচিত কি না—সে প্রশ্নও তোলেন তিনি। তার ভাষ্য, যদি রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনাকে পারস্পরিক আত্মরক্ষার কারণ হিসেবে বিবেচনা করা না হয়, তবে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে নতুন করে ভাবতে হতে পারে।
এদিকে বিশ্লেষকদের মতে, গ্রাহামের এই বক্তব্য থেকে বোঝা যায় যে চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চাপের মুখে রয়েছে। তাদের মতে, যুদ্ধের শুরুতে ইরানকে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ হিসেবে দেখার যে মূল্যায়ন করেছিল মার্কিন প্রশাসন, তারই প্রতিফলন হিসেবে এখন এমন বক্তব্য সামনে আসছে।

