শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেফতার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদরদফতরে আয়োজিত তার প্রথম প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় চাঁদাবাজ ও উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন তিনি।
আইজিপি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া চালানো হচ্ছে। খুব শিগগিরই তাদের দেশে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে সক্রিয় চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলমত নির্বিশেষে এ অভিযান চলবে বলেও জানান তিনি। পাশাপাশি উগ্রপন্থার উত্থান ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে বলে উল্লেখ করেন।
ঈদকে সামনে রেখে মহাসড়ক, শপিং কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান আইজিপি।
পুলিশ বাহিনীর উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সিআইডিকে আধুনিকায়ন, থানাগুলোকে ‘জিরো কমপ্লেইন’ ব্যবস্থায় নিয়ে আসা এবং দ্রুত আইনি পদক্ষেপের জন্য থানায় ম্যাজিস্ট্রেসি সিস্টেম চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, কিছু পুলিশ সদস্য ব্যক্তিস্বার্থে কাজ করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণকেও আইন মেনে চলার পরামর্শ দেন আইজিপি।
গত জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

