নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাবুর বাগান–ফুটানিগঞ্জ সড়কে প্রায় ১ কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে বগুড়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দুপচাঁচিয়ার তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সড়ক নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে এজ ভিউ লিমিটেড, ধুনট, বগুড়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজ ভিউ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমানের বাবা আলহাজ্ব আব্দুস সামাদ মিয়া, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম নেভাউজ্জামান লিমন, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন চঞ্চল, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক, ধুনট উপজেলা যুবদল নেতা মোঃ রফিকুল ইসলাম রফিক, বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, ধুনট পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাৎ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। গ্রামীণ সড়ক উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ফুটানিগঞ্জ এলাকার সড়কটি বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানির কারণে চলাচল ছিল অত্যন্ত দুর্বিষহ। নতুন কার্পেটিং সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

