কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক রাতে তিনটি সরকারি দফতরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রার অফিস এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সোমবার (৯ মার্চ) সকালে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে দরজার তালা ভাঙা ও কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে কোনো এক সময়ে চোরেরা তিনটি দফতরে ঢুকে চুরি চালায়। তারা দরজার তালা ভেঙে এবং জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় আলমারিতে রাখা নথিপত্রের ফাইলগুলো এলোমেলো করে ফেলা হয়। গুরুত্বপূর্ণ কোনো নথি বা কাগজপত্র চুরি হয়েছে কি না তা এখনো যাচাই করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কীভাবে চুরির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, ঘটনার পর তিনি সংশ্লিষ্ট দফতরগুলো পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।

