পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সব বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় বা ইংলিশ মিডিয়াম স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) থেকে এসব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম—সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ের মধ্যে বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসে ঢাকাসহ বড় শহরগুলোতে জনভোগান্তি কমানো এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সোমবার (৯ মার্চ) থেকে সরকার ঘোষিত ঈদুল ফিতরের ছুটি শেষ না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত এসব প্রতিষ্ঠানের নির্ধারিত ও পূর্বঘোষিত পরীক্ষাগুলো যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে দেশের সরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রমজান উপলক্ষে ছুটি শুরু হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি থেকে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

