পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (৮ মার্চ) ষষ্ঠ দিনের মতো শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কাউন্টারে না গিয়ে যাত্রীরা রেলওয়ের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারছেন।
সার্ভারের ওপর চাপ কমানো এবং যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে টিকিট বিক্রির সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী একটি আইডি ব্যবহার করে একবারেই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে ঈদ উপলক্ষে কেনা এই অগ্রিম টিকিট কোনোভাবেই বাতিল বা রিফান্ড করা হবে না।
যেসব যাত্রী নিশ্চিত আসন পাবেন না, তাদের জন্য যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ ‘স্ট্যান্ডিং টিকিট’ বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে।
এদিকে ঈদের পর ফেরার যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ মার্চ থেকে। সেদিন পাওয়া যাবে ২৩ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট। এরপর ১৪ থেকে ১৯ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

