ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা গণমাধ্যমকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না—এমন আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি কাজী জাবেল।
তিনি বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহন ও ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে আরএফইডি। বৈঠকে নির্বাচন কমিশনকে জানানো হয়, এমন বিধিনিষেধ আরোপ করা হলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ব্যাহত হবে এবং স্বাধীন সাংবাদিকতার পথ সংকুচিত হবে।
আরএফইডি সভাপতি আরও জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে নির্বাচন কমিশন এবং সাংবাদিকদের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও ইসি কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে সাংবাদিক সমাজের আপত্তির পর এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার পথে যাচ্ছে কমিশন—এমনটাই ইঙ্গিত মিলেছে।

