মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট আবেদন হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আর কোনো আইনগত জটিলতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্ট সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। শুনানিতে তার বিরুদ্ধে আনা ঋণখেলাপি হওয়া এবং বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জানায় ইসি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দাখিল করা কাগজপত্র ও সংশ্লিষ্ট দপ্তরের তথ্য যাচাই-বাছাই করে আপিল কর্তৃপক্ষ অভিযোগগুলোকে ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করে। ফলে জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া বৈধতার সিদ্ধান্তই বহাল রাখা হয়।
এর আগে গত ৮ ডিসেম্বর মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচন কমিশনে আপিল করে আফরোজা খানমের প্রার্থিতা বাতিলের দাবি জানান।
উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি মনোনয়নপত্র, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আফরোজা খানম রিতাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন।

