দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে সামরিক ড্রোন উৎপাদনের জন্য চীনের সঙ্গে সরকারিভাবে চুক্তি করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এই প্রকল্পে প্রায় ৬০৮ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সূত্র অনুযায়ী, জি-টু-জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ব্যবস্থার আওতায় চীনের সহযোগিতায় দেশে একটি সামরিক ড্রোন কারখানা স্থাপন করা হবে। ইতোমধ্যে গত ৬ জানুয়ারি এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার সম্মতিও প্রয়োজন হয়।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৬০৮ কোটি ৮ লাখ টাকা। এর মধ্যে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করা হবে প্রয়োজনীয় প্রযুক্তি আমদানি ও ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে। অবশিষ্ট ৩৭ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় হবে এলসি খোলা, ভ্যাট ও সুইফট চার্জসহ অন্যান্য আনুষঙ্গিক খাতে।
এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কোনো মন্তব্য করতে সম্মত হননি। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনাল সরবরাহ করা প্রযুক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিমান বাহিনী।

