ডেস্ক রিপোর্ট:
গ্রিনল্যান্ড দখল সংক্রান্ত বিষয়ে বিরোধিতার জেরে ইউরোপের আটটি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব দেশের রফতানি পণ্যে প্রাথমিকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
শুল্কের আওতায় আসা দেশগুলো হলো— ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য। শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।
তিনি জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন শুল্ক কার্যকর হবে। পরবর্তী সময়ে, অর্থাৎ জুন মাস থেকে এই শুল্কহার বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
ট্রাম্পের দাবি, এসব ইউরোপীয় দেশ বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতা ও কৌশলগত সহায়তার সুবিধা ভোগ করে আসছে। তার মতে, এখন সেই সুবিধার বিনিময় দেওয়ার সময় এসেছে।
গ্রিনল্যান্ড প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশ অঞ্চলটি নিয়ে আগ্রহ দেখালেও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয়। তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ গ্রিনল্যান্ডের নিরাপত্তা কার্যকরভাবে রক্ষা করতে পারবে না। যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড অধিগ্রহণে সম্মতি না দেওয়া পর্যন্ত এই শুল্ক নীতি বহাল থাকবে বলেও জানান তিনি।
এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর ইউরোপের বিভিন্ন দেশের নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে।

