বিনোদন ডেস্ক:

মুক্তির পর থেকেই দর্শক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। আইএমডিবিতে ৮.৬ রেটিং নিয়ে এটি বর্তমানে দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছে, যেখানে বিলিয়ন ডলার আয় করা সিনেমাকেও পেছনে ফেলেছে সিরিজটি।
আশির দশকের পটভূমিতে নির্মিত এই সিরিজের গল্পে দেখা যায়, ‘ডানজিয়নস অ্যান্ড ড্রাগনস’–প্রেমী কয়েকজন কিশোর হঠাৎ করে নিজেদের শহরের পাশেই এক অজানা ও ভয়ংকর জগতের সন্ধান পায়, যাকে বলা হয় ‘আপসাইড ডাউন’। গল্পে যুক্ত হয় রহস্যময় কিশোরী ইলেভেন (এল), যার রয়েছে টেলিকাইনেটিক ও টেলিপ্যাথিক ক্ষমতা। রহস্য, রোমাঞ্চ ও আবেগের মিশেলে এবারের কিস্তিও দর্শকদের মুগ্ধ করেছে।

নতুন বছর উপলক্ষে মুক্তি পাওয়া সিরিজ ‘রান অ্যাওয়ে’ তুলনামূলক কম রেটিং (৭) পেলেও আলোচনার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। রহস্য ও ক্রাইম ঘরানার এই সিরিজে এক তরুণীর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে ধীরে ধীরে উন্মোচিত হয় একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজটি দর্শকদের নতুন এক জগতে নিয়ে গেছে।

এদিকে, চলতি বছরে বিশ্বব্যাপী মুক্তি পেয়ে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়া জেমস ক্যামেরনের সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ এখনো আয় ও দর্শকপ্রিয়তায় আলোচনায় রয়েছে। ১৯ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির আইএমডিবি রেটিং ৭.৪, যেখানে ভোট দিয়েছেন ৯১ হাজারের বেশি দর্শক। তবে বিপুল আয়ের পরও আইএমডিবির দর্শক পছন্দের তালিকায় এটি ‘স্ট্রেঞ্জার থিংস’-কে ছাড়িয়ে যেতে পারেনি।

আলোচনার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে টিমোথি শ্যালামে অভিনীত সিনেমা ‘মার্টি সুপ্রিম’। পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় নিউইয়র্ক সিটির এক জুতার দোকানের কর্মী মার্টি মাউসারের জীবনের উত্থান-পতনের গল্প তুলে ধরা হয়েছে। টেবিল টেনিসকে ঘিরে গড়ে ওঠা এই গল্পের আইএমডিবি রেটিং ৮.৩।

এ ছাড়া ডার্ক কমেডি, ডিসটোপিয়ান সায়েন্স-ফিকশন ও মনস্তাত্ত্বিক ড্রামা ধাঁচের ওয়েব সিরিজ ‘প্লুরিবাস’ এখনো দর্শক আলোচনায় রয়েছে। ১০ পর্বের এই সিরিজটির আইএমডিবি রেটিং ৮.৬ এবং এটি পছন্দের তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে।
