মোঃ সাইফুল ইসলাম তানভীর:
বাংলা ভাষার সৌন্দর্য যেমন তার বহুমাত্রিক রূপে, তেমনি এর বৈচিত্র্যও কখনো কখনো বিস্ময় জাগায়। জনশ্রুতি আছে— “এক দেশের বুলি, আরেক দেশের গালি।” কথাটির বাস্তব প্রতিফলন দেখা যায় বাংলাদেশের স্থানের নাম, বিদ্যালয় বা থানার নামগুলিতে। এমন অনেক নাম আছে, যা স্থানীয়দের কাছে প্রাত্যহিক ও স্বাভাবিক, কিন্তু বাইরের কারও কানে পৌঁছালে মনে হয় হাস্যকর, কখনোবা বিব্রতকর। অথচ এই নামগুলোর ভেতরেই লুকিয়ে আছে ইতিহাস, ভূগোল, ভাষা এবং মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি।
দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরলে চোখে পড়ে এমন সব নাম, যা শুনলে কেউ হাসবেন, কেউ ভাববেন-এ নাম কেমন করে এল! রাঙামাটির চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারীর মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গার খাড়া গোদা বিদ্যালয়, ঝিনাইদহের কুকুরপোতা, গাইবান্ধার গলা কাটি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের নাক ফাটা প্রাথমিক বিদ্যালয়, কিংবা রংপুরের বড় বাল বিদ্যালয়-নামগুলো শুনলে অনেকে মুচকি হাসেন, কেউবা অবাক হন।
কিন্তু হাসির আড়ালে আছে গভীর সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট। এই নামগুলো শুধু শব্দ নয়, বরং গ্রামীণ জীবনের ঐতিহাসিক নথি। কোনো নাম এসেছে স্থানীয় ঘটনার সূত্রে, কোনোটি আঞ্চলিক উপভাষা থেকে, আবার কোনোটি প্রাকৃতিক গঠন বা সামাজিক অবস্থান নির্দেশ করে।
একইভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এমন সব গ্রামের নাম রয়েছে, যা শুনলে চমকে উঠতে হয়। যেমন – মানিকগঞ্জের সিংগাইরে গলাকাটা ব্রিজ, ডোন খালপাড়, পেটকাটা (বর্তমানে ইসলামনগর), মাটিকাটা, ঢাকার নবাবগঞ্জের বাঘমারা, কুষ্টিয়ার পাগলাদহ, পটুয়াখালীর ঘোড়ামারা, পিরোজপুরের চোরখালি, দিনাজপুরের ধনকামড়া, খুলনার সোনাপোতা, রাজশাহীর বাঘা-বাঘিনী-সব নামের ভেতরেই আছে গ্রামীণ সময়ের কোনো না কোনো গল্প।
শুধু গ্রাম বা বিদ্যালয় নয়, থানা ও উপজেলার নামও কখনো কখনো হাসির খোরাক হয়ে ওঠে। যেমন-পঞ্চগড়ের বোদা উপজেলা, কিশোরগঞ্জের পাগলা থানা, টাঙ্গাইলের ধনবাড়ী, ফরিদপুরের ভাঙ্গা থানা, ফেনীর ছাগলনাইয়া থানা। এসব নাম শুনে কারও মনে কৌতূহল জাগে, কারও মনে রসিকতা। কিন্তু ইতিহাসবিদরা মনে করিয়ে দেন যে প্রতিটি নামই সময়ের সাক্ষী; তার ভেতরে লুকিয়ে আছে একটি সমাজের ভাষা, সংস্কৃতি ও বিশ্বাস ব্যবস্থা।
তবে কিছু নাম এমনও আছে, যা আজকের সমাজের বাস্তবতায় সত্যিই বিব্রতকর হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে দেখা যায়-সোনাখাড়া, দৌড়ের বাজার, পাছার বাজার, কোমরভাঙ্গী, নুনখাওয়া, সাপখাওয়া, গুদে কাঠি, ফাঁসিতলা, তেনা পঁচা, বড় ধোন গাছা, কিংবা গাওচুলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়—এসব নাম শুনে যেমন হাসির উদ্রেক হয়, তেমনি প্রশ্নও জাগে, শিক্ষার্থীরা কীভাবে নিজেদের বিদ্যালয়ের নাম উচ্চারণে স্বাচ্ছন্দ্যবোধ করে!
মানিকগঞ্জের সিংগাইরের ডোন খালপাড় গ্রামের এক ছাত্রী জানান, “আমাদের গ্রামের নাম শুনে সবাই হাসে। অনেকে ঠাট্টা করে। মাঝে মাঝে পরিচয় দিতেও সংকোচ হয়।” এই অনুভূতি নিছক ব্যক্তিগত নয়; এটি এক প্রজন্মের সামাজিক অস্বস্তির প্রতিফলন।
তবুও ইতিহাসবিদদের মতে, নাম পরিবর্তন সব সময় সমাধান নয়। প্রতিটি নামই এক সময়ের ভাষা ও লোকজ বিশ্বাসের দলিল। যেমন— কিশোরগঞ্জের পাগলা থানা নামটি এসেছে এক দরবেশের নামানুসারে, যিনি ছিলেন ‘পাগলা সাহেব’ নামে খ্যাত। আবার বাঘমারা নামটি হয়তো কোনো সময়ের বাস্তব ঘটনার প্রতিফলন-যখন বাঘ মারা হয়েছিল, আর সেই ঘটনার স্মৃতি ধরে রেখেছে স্থানটি।
সম্প্রতি আরও কিছু নাম জনমনে কৌতূহল জাগিয়েছে-শেরপুরের ডিঙ্গামানিক, ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ, কুমিল্লার পাইয়াপাথর এবং বরিশালের চাংগুরিয়া। এগুলো প্রথমে অদ্ভুত মনে হলেও, শব্দচয়নে রয়েছে ভাষার আঞ্চলিক শিকড়। ডিঙ্গামানিক সম্ভবত ‘ডিঙ্গি নৌকা’ ও ‘মানিক’ শব্দের সংমিশ্রণ, গোকর্ণ এসেছে ভূমির আকৃতি বা নদীর বাঁক থেকে, পাইয়াপাথর হয়তো কোনো পৌরাণিক ঘটনার স্মৃতিচিহ্ন।
সরকারি মহলে মাঝেমধ্যে এসব নাম পরিবর্তনের আলোচনা উঠলেও তা বাস্তবায়িত হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, নাম পরিবর্তনের আগে জনমত ও ইতিহাস দুটোই সমান গুরুত্ব পাওয়া উচিত। ভাষাবিদদের মতে, “নাম কেবল একটি শব্দ নয়; এটি একটি পরিচয়ের প্রতীক, একটি সমাজের ঐতিহাসিক স্মারক।”
অতএব, হাস্যরসের দৃষ্টিকোণ ছাড়িয়ে এসব নামকে দেখা উচিত ইতিহাস ও সংস্কৃতির প্রেক্ষাপটে। আমাদের ভাষা, ভূমি ও সমাজ যেমন বহুস্তরীয়, তেমনি নামগুলোও বহন করছে তারই জটিল, বৈচিত্রময় রূপ।
তবে এটিও সত্য যে কিছু নাম আজকের প্রজন্মের কাছে অশোভন বা হাস্যকর মনে হয়। বিশেষত বিদ্যালয়ের নামের ক্ষেত্রে যেখানে শিশুদের মানসিক বিকাশের বিষয়টি বিবেচনায় জরুরি, সেখানে বড় ধোন গাছা বা গুদে কাঠি নামের মতো উদাহরণগুলো নিঃসন্দেহে পুনর্বিবেচনার দাবি রাখে।
স্থানীয় সমাজকর্মী ও শিক্ষাবিদরা তাই বলছেন- “যেসব নাম শিক্ষার্থীদের উপহাসের মুখে ফেলে বা সামাজিকভাবে বিব্রত করে, সেগুলোর ক্ষেত্রে জনমতভিত্তিক আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন আনা যেতে পারে। তবে তা হোক ইতিহাসকে মুছে নয়, ইতিহাসকে সম্মান জানিয়ে।”
নামের ভেতরেই লুকিয়ে থাকে একটি সময়, একটি ভূখন্ড এবং একটি জনগোষ্ঠীর আত্মপরিচয়। তাই নাম নিয়ে হাসাহাসি নয়-বরং তার উৎস, অর্থ ও ইতিহাস জানাই আমাদের সাংস্কৃতিক দায়িত্ব।
বাংলাদেশের এই বিচিত্র স্থাননামগুলো একদিকে যেমন ভাষার বৈচিত্র ও আঞ্চলিকতার প্রতিচ্ছবি, অন্যদিকে এগুলো মনে করিয়ে দেয়-পরিচয় শুধু ভৌগোলিক নয়, এটি ঐতিহ্যেরও বাহক।

