সময়পত্র ডেস্ক: আঞ্চলিক উত্তেজনা বাড়ার মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রণালিটি দিয়ে মোট ৭টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।
এর আগের দিন মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে ১২টি জাহাজ চলাচল করেছিল। অন্যদিকে, গত ১০ দিনের হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে ১৪টি জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করেছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার হরমুজ প্রণালি দিয়ে ৪টি জাহাজ বাইরে বের হয়েছে এবং ৩টি জাহাজ ভেতরে প্রবেশ করেছে।
তবে জাহাজ চলাচলের এই পরিসংখ্যানকে এখনো প্রাথমিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরবর্তী সময়ে তথ্য হালনাগাদ হলে সংখ্যায় পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া কিছু জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রেখে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ফলে এসব জাহাজের অবস্থান সরকারি হিসাবের আওতায় আসেনি। এ কারণে প্রকৃত জাহাজ চলাচলের সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে বেশি হতে পারে।

