সময়পত্র ডেস্ক: রাজধানীর ধানমণ্ডি-২৭ এলাকায় এপেক্সের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শোরুমটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নেভানোর কাজে যোগ দিতে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশাপাশি ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। একইভাবে শোরুম বা ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

