সময়পত্র ডেস্ক: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত বয়সসীমা অতিক্রম করার পর কেউ আর নতুন করে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট বার কাউন্সিলের এক সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে নতুন এ বয়সসীমা ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, আবেদনকারীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

