সময়পত্র ডেস্ক: রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে সংঘটিত এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিপিবির শীর্ষ নেতারা।
ঘটনার পর মধ্যরাতে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী অভিযোগ করেন, সরকারদলীয় নেতাকর্মী পরিচয়ে একটি সংঘবদ্ধ দল বা ‘মব’ তৈরি করে এ হামলা চালানো হয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতারা এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
জানা গেছে, সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকেলে সংস্কৃতিকর্মীদের ব্যানারে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। ওই কর্মসূচি থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে পুলিশ। পরে রাত ৯টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
দীপক শীল মুক্তি পাওয়ার পর তাঁকে অভ্যর্থনা জানাতে এবং তাঁর প্রতি সংহতি প্রকাশ করে পল্টনে মিছিল বের করেন ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা। মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অজুহাতে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে সিপিবি।
এ সময় সংঘবদ্ধভাবে হয়রানি করে ঢাকা মহানগর উত্তর যুব ইউনিয়নের সভাপতি ইরান মোল্লা ও সাধারণ সম্পাদক সোহেল ফকিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানানো হয়। পরে মধ্যরাতে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।
সংবাদ ব্রিফিংয়ে সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী বলেন, মিছিলে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের ওপর হামলা চালানো এবং সংঘবদ্ধভাবে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি এ ধরনের দমন-পীড়ন ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
/এএ

