সময়পত্র ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় এবং ঋণের সুদের হার কমানোর বিষয়সহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধানের যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
চার দিনের জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির বিভিন্ন বহুজাতিক কোম্পানি, উন্নয়ন সংস্থা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন কারখানা পরিদর্শন করবেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে জাপান থেকে ১২টি খাতে ১৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে।
এর আগে, সোমবার জাপানে পৌঁছে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিইসি) এবং জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিরা।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

