সময়পত্র ডেস্ক: জাপান-বাংলাদেশ সামিট বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গার্ড অব অনার প্রদান শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এরপর দুই দেশের সরকারপ্রধান সামিট বৈঠকে যোগ দেন।
সামিট বৈঠক শেষে জাপানের স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। বৈঠকে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের বিভিন্ন বহুজাতিক কোম্পানি, উন্নয়ন সংস্থা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি বিভিন্ন কারখানা পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে।
এর আগে, সোমবার জাপানে পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিইসি) এবং জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিরা।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

