সময়পত্র ডেস্ক: আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতের চিত্র বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দেশের আটটি বিভাগে আটটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজ চলছে। পাশাপাশি ক্যান্সার গবেষণায় সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রতিটি উপজেলা হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য ২০টি, নবজাতকদের জন্য ২০টি এবং কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য ১০টি শয্যার ব্যবস্থা রাখা হবে।
দেশের ওষুধশিল্পের সম্ভাবনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উৎপাদিত ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশের ওষুধের ব্যাপক বিস্তার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত বছরগুলোতে দেশের স্বাস্থ্য খাতকে পুরোপুরি ধ্বংস ও ভেঙে দেওয়া হয়েছে। এ খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির বিশাল বোঝা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, একটি সুস্থ ও সুঠাম স্বাস্থ্যের অধিকারী জাতি গড়ে তুলতে না পারলে দেশের অর্থনীতিকে কখনোই শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে না।

