সময়পত্র ডেস্ক: অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এবার সেই সমালোচনাকে ব্যঙ্গ করে তৈরি একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। ভিডিওটিতে বিজয়ের আচরণ বিশ্লেষণের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অতিরিক্ত সমালোচনামূলক মনোভাবকে বিদ্রূপ করা হয়েছে।
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে নিয়ে আলোচনা-সমালোচনা নতুন নয়। তবে সম্প্রতি তাঁদের অভিনয় কিংবা চলচ্চিত্রের চেয়ে ব্যক্তিগত সম্পর্ক ও আচরণ নিয়েই বেশি আলোচনা হচ্ছে। তাঁদের অভিনীত ‘রানাবালি’ চলচ্চিত্রের প্রচারণায় দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ তাঁদের উপস্থিতি সেই আলোচনাকে আরও বাড়িয়ে দেয়।
গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের আচরণকে সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক সতর্কসংকেত বা ‘রেড ফ্ল্যাগ’ হিসেবে ব্যাখ্যা করে নানা বিশ্লেষণ দেখা গেছে। এবার সেই সমালোচনাকে ব্যঙ্গ করে তৈরি একটি ভিডিও শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনটেন্ট নির্মাতা অনিরুদ্ধ নারায়ণমের তৈরি ‘দোজ ইনস্টা সাইকোলজিস্টস অ্যানালাইজিং দ্য শো!’ শিরোনামের ভিডিওটি পুনরায় শেয়ার করেন বিজয়। ভিডিওতে এক নারীকে বিজয়ের আচরণের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করতে দেখা যায়।
ভিডিওটিতে বিজয়ের সোফার ডান পাশে বসা, তাঁর পাশে কফির কাপ থাকা কিংবা রাশমিকার পাশে কফির কাপ না থাকা—এমন বিষয়ও বিশ্লেষণের অংশ হয়ে ওঠে। নির্দিষ্ট কিছু মুহূর্তে রাশমিকার দিকে বিজয়ের তাকানোর ধরন নিয়েও প্রশ্ন তোলা হয়।
ভিডিওতে ওই নারী বিজয়কে আত্মকেন্দ্রিক ও পুরুষতান্ত্রিক মনোভাবাপন্ন বলে আখ্যা দেন এবং তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ হিসেবে উপস্থাপন করেন। এমনকি ইনস্টাগ্রামে রাশমিকাকে অনুসরণ না করার বিষয়টিও সমালোচনার অংশ হিসেবে তুলে ধরা হয়।
‘কফি উইথ করণ’-এর পর্বের পর বিজয়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব সমালোচনা ছড়িয়ে পড়ে, ভিডিওটিতে সেগুলোকেই ব্যঙ্গ করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে হাসির ইমোজি দেওয়ার পাশাপাশি বিজয় লেখেন, ‘সাবটাইটেল দরকার। আঞ্চলিক ভাষায়।’
অভিনেতার পোস্টের পর ভিডিওটির মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দেখা যায়। একজন মন্তব্য করেন, ভিডিওটি মজার হলেও বিজয় ও রাশমিকার সম্পর্কের মধ্যে এখনো পারস্পরিক সহমর্মিতার একটি দিক দেখতে পান তিনি। আরেকজন ভিডিওটিকে পুরো বিষয়টি নিয়ে সবচেয়ে পরিণত উপস্থাপনাগুলোর একটি বলে উল্লেখ করেন।
কেউ কেউ ভিডিও নির্মাতার পরা লাল টি-শার্টকেও প্রতীকী হিসেবে দেখেছেন। তাঁদের মতে, এর মাধ্যমে ‘রেড ফ্ল্যাগ’ ধারণাটিকে আরও মজারভাবে তুলে ধরা হয়েছে।
‘কফি উইথ করণ’-এ কী বলেছিলেন বিজয় ও রাশমিকা?
গত বছরের অক্টোবরে হায়দরাবাদে গোপনে বাগদান সারেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। চলতি বছরের ফেব্রুয়ারিতে উদয়পুরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর হায়দরাবাদ থেকে বিমানে যাত্রার সময় নিজেদের সম্পর্ক ও বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এই তারকা দম্পতি। তবে বিয়ের আগে কত বছর তাঁরা সম্পর্কে ছিলেন, তা প্রকাশ করেননি। যদিও তাঁদের প্রেমের গুঞ্জন বহু বছর ধরেই চলছিল।
‘কফি উইথ করণ’-এর পর্বে বিজয় জানান, রাশমিকাই প্রথম তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সম্পর্ক নিয়ে নিশ্চিত হতে সময় নিয়েছিলেন তিনি। অভিনেতার ভাষ্য অনুযায়ী, তাঁর সম্মতি পাওয়ার আগে রাশমিকাকে প্রায় এক বছর ধরে একই প্রস্তাব ১০০ বার দিতে হয়েছিল।
এ ছাড়া রাশমিকার আঙুলে থাকা অন্য একটি আংটিকে বাগদানের আংটি ভেবে ভুল করায় নিজের অপমানিত বোধ করার কথাও জানান বিজয়। রাশমিকাকে আঙুলে থাকা একাধিক আংটি দেখাতে বলে তিনি মন্তব্য করেন, সেগুলোই তাঁর পছন্দের ধরনের আংটি।
বিজয় আরও জানান, বিয়ের আগের অনুষ্ঠানের আগে আনুষ্ঠানিকভাবে এক হাঁটু গেড়ে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেননি তিনি। তাঁদের এসব বক্তব্য এবং অনুষ্ঠানে পারস্পরিক আচরণ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। এবার সেই সমালোচনার ব্যঙ্গাত্মক উপস্থাপন শেয়ার করে নতুন করে আলোচনায় এলেন অভিনেতা নিজেই।

