ক্রিড়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মায়ামি। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও। দুটি গোলে সরাসরি সহায়তা করেছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৪৫তম মিনিটে লুইস সুয়ারেজের দারুণ পাস থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন জার্মান বার্তেরাম।
দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের ঝলক দেখান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে আটলান্টা ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর আশা অনেকটাই শেষ করে দেন তিনি।
ম্যাচের ৫৬তম মিনিটে লুইস সুয়ারেজের বাড়ানো বল থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এর চার মিনিট পর, ৬০তম মিনিটে জার্মান বার্তেরামের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এতে ইন্টার মায়ামির লিড বেড়ে দাঁড়ায় ৩-০।
আটলান্টা ইউনাইটেডের হয়ে মূল একাদশে মাঠে নামা রাশিয়ান মিডফিল্ডার আলেক্সেই মিরানচুক পুরো ৯০ মিনিট খেললেও দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি। ম্যাচের ৮৯তম মিনিটে ফাফা পিকল্ট স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন। তবে তাতে ব্যবধান কমলেও হার এড়ানো সম্ভব হয়নি আটলান্টার।
আগামী ২৫ অক্টোবর নিজেদের পরবর্তী ম্যাচে শিকাগো ফায়ারের মুখোমুখি হবে আটলান্টা ইউনাইটেড। একই দিনে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।

