সময়পত্র ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় ৯ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চালানো এ হামলা কিয়েভে টানা ষষ্ঠ দিনের রুশ হামলা বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, কিয়েভে হামলায় ৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে, কিয়েভ অঞ্চলের বোরিসপিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।
অন্যদিকে, রাশিয়ার উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলায় আগুন ধরে যায়। মস্কোতেও ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা চালিয়েছে রুশ কর্তৃপক্ষ। দেশটির সামারা অঞ্চলেও হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।
তবে রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

