সময়পত্র ডেস্ক: মিশরের দক্ষিণ সিনাই প্রদেশে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দাহাব-নুওয়াইবা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলেই ১৬ জনকে মৃত ঘোষণা করা হয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসকদের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের নির্দেশ দিয়েছে।
এদিকে, চিকিৎসক দলগুলো আহতদের অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

