সময়পত্র ডেস্ক: দেশে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়ছে। এই পানি বৃদ্ধি আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে ধরলা ও দুধকুমার নদীর পানিও বাড়ছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেড়েছে। আগামী পাঁচ দিন এ দুই নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ধরলা ও দুধকুমার নদীর পানিও বাড়ছে এবং আগামী তিন দিন তা অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া কুশিয়ারা নদীর পানি বর্তমানে বাড়লেও আগামী এক দিন কমে পরবর্তী দুই দিন আবার বাড়তে পারে। ফেণী ও সাঙ্গু নদীর পানিও আগামী দুই দিন বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
নদ-নদীর পানি বৃদ্ধির এই প্রবণতায় দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

