সময়পত্র ডেস্ক: হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি-রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন ভারতের ব্যবসায়ীরা। রোববার (৩০ আগস্ট) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
ব্যবসায়ীরা জানান, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার মালামাল পরিবহনের ক্ষেত্রে ট্রাকপ্রতি ১০ থেকে ১৫ মেট্রিক টন পর্যন্ত পণ্য পরিবহনের পরিমাণ কমিয়ে দিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬ চাকার ট্রাকে ৩০ মেট্রিক টনের পরিবর্তে সর্বোচ্চ ২০ টন এবং ১০ চাকার ট্রাকে ৪০ থেকে ৪৫ টনের পরিবর্তে সর্বোচ্চ ৩০ মেট্রিক টন পণ্য পরিবহনের সীমা নির্ধারণ করা হয়েছে।
ভারতীয় ব্যবসায়ীদের অভিযোগ, পণ্য পরিবহনের পরিমাণ কমিয়ে দেওয়ায় পরিবহন ব্যয় বেড়ে যাবে। এতে আমদানি-রফতানি বাণিজ্যে অতিরিক্ত খরচের বোঝা তৈরি হবে। এর প্রতিবাদে হিলি বন্দরের ভারতীয় ব্যবসায়ীরা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক চিঠির মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ীদের এ সিদ্ধান্ত জানানো হয়।
এদিকে, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম চলছে। পাশাপাশি আগে আসা পণ্য খালাসও করা হচ্ছে।

