সময়পত্র ডেস্ক: মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে সবকিছু বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৯ আগস্ট) ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশ নিজ নিজ পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে। প্রত্যেক দেশই নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, সেটি মূল বিষয় নয়; বরং পরিস্থিতি স্বাভাবিক রাখাই সরকারের লক্ষ্য।
এ সময় ই-জুডিশিয়ারি বা বিচার বিভাগের ডিজিটালাইজেশন নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক বছরের মধ্যে ই-জুডিশিয়ারি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
/এসআইএন

