সময়পত্র ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বিষয়টি জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী (৩৬)।
পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম ও চাঁদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি ফেসবুকের বিভিন্ন পেজে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিত। পরে ক্রেতাদের পণ্য সরবরাহের আশ্বাস দিয়ে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা নিত। টাকা পাওয়ার পর পণ্য সরবরাহ না করে তাদের সঙ্গে প্রতারণা করা হতো।
পুলিশের দাবি, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে যোগসাজশে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজের মাধ্যমে লেনদেনের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

