সময়পত্র ডেস্ক: টানা ৭ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আবারও শুরু হয়েছে।
সোমবার (১ জুন) সকালে বাণিজ্য কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম রেজা।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির কারণে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল।
সরকারি ছুটি শেষে সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ইতোমধ্যে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন এবং পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বেনাপোল বন্দর এলাকায়।

