যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে সক্রিয় পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রাজধানী কারাকাস সফর করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।
শনিবার (৩১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী লরা ডগু ও তার সঙ্গে থাকা কয়েকজন কর্মকর্তা কারাকাসে পৌঁছান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সফরের বিষয়টি নিশ্চিত করেন লরা ডগু।
অভিজ্ঞ এই মার্কিন কূটনীতিক এর আগে হন্ডুরাস ও নিকারাগুয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানের বৈদেশিক নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।
কারাকাসে পৌঁছালে মার্কিন প্রতিনিধি দলকে স্বাগত জানান ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, উভয় দেশের স্বার্থকে সামনে রেখে একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের মতবিরোধ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেওয়া হচ্ছে। এ বিষয়ে লরা ডগু জানান, কারাকাসে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম শুরু করতে তার দল প্রস্তুত।
এদিকে চলতি মাসের শুরুতে নিকোলাস মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলায় নিজেদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা ও বিস্তারের কৌশল জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মাদুরোর ক্ষমতাচ্যুতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, তার প্রশাসন ভেনেজুয়েলার শাসনব্যবস্থা ও তেল উৎপাদনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আগ্রহী।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সিনেটের এক শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, লরা ডগুর নেতৃত্বেই কারাকাসে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নেওয়া হবে এবং শিগগিরই ভেনেজুয়েলার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক পুনঃস্থাপনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

