ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে ভেনেজুয়েলার ক্ষমতায় দেখা যেতে পারে কি না—এ বিষয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমানে নরওয়েতে অবস্থানরত মারিয়া করিনা মাচাদোকে ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে কি না, সে সিদ্ধান্ত এখনই চূড়ান্ত করা যাবে না। বিষয়টি আরও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।
এ সময় ট্রাম্প ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বলেন, দেশটিতে একজন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন এবং সাম্প্রতিক নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। তার মতে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অধীনে অনুষ্ঠিত নির্বাচন ছিল অত্যন্ত বিতর্কিত ও লজ্জাজনক।
নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ মাদকজনিত কারণে প্রাণ হারাচ্ছে। এ পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

